‘নীতি বিবর্জিত রাজনীতি থেকে তরুণদের বিরত থাকতে হবে’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত লিডারশিপ স্কিল ডেভলপমেন্ট বিষয়ক কর্মশালা

নীতি বিবর্জিত রাজনীতি থেকে তরুণদের বিরত থাকতে হবে উল্লেখ করে মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান বলেছেন, ‘রাজনীতি হতে হবে সাধারণের কল্যাণে। কাজ না করে বিত্তশালী হওয়ার স্বপ্ন দেখা যাবে না। কঠোর পরিশ্রম আর সুশিক্ষার মাধ্যমে তোমাদের অসহায় মানুষের মন জয় করতে হবে। চরিত্র ছাড়া যে শিক্ষা সেটা কখনো শিক্ষা নয়। অবশ্যই সৎ চরিত্রের অধিকারী হতে হবে।’ শনিবার সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের সম্মেলন কক্ষে লাইফ কনসাল্টিং অ্যান্ড ডেভেলপমেন্ট লি. আয়োজিত লিডারশিপ স্কিল ডেভলপমেন্ট বিষয়ক কর্মশালায় তরুণদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। কর্মশালায় রাজশাহী বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র দেওয়া হয়।

রাজশাহী কলেজের শিক্ষার্থী আফসানা মিমি ও ঢাকা সেন্ট জোসেফ কলেজের শিক্ষার্থী মো. মামুন রেজার সঞ্চালনায় কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন ‘লাইফ’ এর প্রধান নির্বাহী ও কর্মশালার সভাপতি মো. রিয়াল আহসান।

এ সময় বিশেষ অতিথি ছিলেন রাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফয়জার রহমান, অর্থনীতি বিভাগের সভাপতি কে বি এম মাহবুবুর রহমান, হামিম গ্রুপের মানবসম্পদ উন্নয়ন বিষয়ক উপদেষ্টা ড. উলফাত হোসাইন, রিগাস ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী জিনিয়া প্রীতি প্রমুখ।

আরও পড়ুন: ফুলবাড়ী সীমান্তে ভারতীয় রূপিসহ বাংলাদেশি আটক