বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যান চালক নিহত

দুর্ঘটনা

বগুড়ার-ঢাকা মহাসড়কে কোচ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে শেরপুরের মির্জাপুর এলাকায় এ দুঘটনা ঘটে। নিহত ফখর উদ্দিন (৬৫)কাভার্ড ভ্যানের চালক ছিলেন। পুলিশ যানবাহন দুটি জব্দ করলেও কোচ চালক ও হেলপার পালিয়ে গেছে। হাইওয়ে পুলিশ বগুড়া অঞ্চলের নন্দীগ্রামের কুন্দারহাট ফাঁড়ির ইনচার্জ এসআই  কাজল কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ফখর উদ্দিন বগুড়া শহরতলির পুরানবগুড়া এলাকার মৃত মুলজিফার রহমানের ছেলে।

এসআই  কাজল কুমার নন্দী জানান, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাসের সঙ্গে বগুড়া থেকে ছেড়ে করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যান চালক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া পথে তার মৃত্যু হয়।

পুলিশ কর্মকর্তা আরও জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি আটক করা হয়েছে। এখনো মামলা হয়নি।

আরও পড়ুন: যশোরে সাবেক ছাত্রলীগ নেতা হত্যার প্রতিবাদে লাশ নিয়ে মিছিল