জুটমিলের গুদামে আগুন, চার কোটি টাকা ক্ষতির দাবি

আগুনে ক্ষতিগ্রস্ত পাটআগুনে ক্ষতিগ্রস্ত পাটের গুদাম

বগুড়া সদরের মানিকচক বাজারে খন্দকার জুট মিলের গুদামে বুধবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাট পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জুট মিল কর্তৃপক্ষের দাবি আগুনে তাদের প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা বলেছেন, সর্বোচ্চ ৭০ লাখ টাকার ক্ষতি হতে পারে।

বগুড়া ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, বুধবার সকাল সোয়া ৯টার দিকে শহরতলির মানিকচক বাজার এলাকায় আলহাজ শাহাদত হোসেন সাজুর মালিকানাধীন খন্দকার জুট মিলের গুদামে আগুন ধরে। বগুড়া ফায়ার সার্ভিসের তিনটি ও গাবতলীর একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে  আগুন নিভিয়ে ফেলে।

ব্যবস্থাপনা পরিচালক সাজু দাবি করছেন, পাট উষ্ণ করার হটলার মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে তার গুদামে থাকায় প্রায় ১২ হাজার মণ পাট পুড়ে গেছে এবং গুদামটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে তার প্রায় ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বজলুর রশিদ জানান, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা জ্বলন্ত বিড়ি/সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে পাট পুড়ে মালিকের সর্বোচ্চ ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বগুড়া সদর থানার ওসি এমদাদ হোসেন জানান, তিনি ঘটনার পরপরই সেখানে গিয়েছিলেন। আগুনে গুদামের অর্ধেক পাট পুড়ে গেছে।

আরও পড়ুন: যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১, আহত ২০