জঙ্গিবাদের মূলশক্তি ভেঙে দেওয়া হয়েছে: আইজিপি

আইজিপি এ কে এম শহীদুল হকপুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘জঙ্গিবাদের মূলশক্তি ভেঙে দেওয়া হয়েছে। সারাদেশে জঙ্গিরা যেভাবে আত্মপ্রকাশ করেছিল ঠিক তেমনভাবেই আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অভিযানে তাদের আটক করে আইনের আওতায় আনা হয়েছে। কিছু দুষ্কৃতকারী নিহত হয়েছে। দেশে আজ জঙ্গিদের নিশ্চিহ্ন করা হয়েছে। জঙ্গি হামলার আর কোনও আশঙ্কা নেই।’

বৃহস্পতিবার (৮ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার নব-নির্মিত ভবন উদ্বোধনকালে আইজিপি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. গোলাম রাব্বানী, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জিল্লার রহমান, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক এম খুরশিদ হোসেন, সাবেক সংসদ সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ এনামুল হক, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম।

পরে আইজিপি ৬ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার নব-নির্মিত চারতলা ভবনের উদ্বোধন করেন।