বেলকুচিতে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যু

সিরাজগঞ্জের বেলকুচিতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় আব্দুল খালেক মল্লিক (৫৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় ওই কৃষকের স্ত্রী রুবিনা খাতুন (৫০) ও ছেলে ডলার মল্লিকও (২০) আহত হয়েছেন। ওই কৃষকের পরিবার বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যায় নিজ বাড়িতে হামলার শিকার হয়।বেলকুচি থানার উপ-পরিদর্শক নাজমুল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

হতাহতরা উপজেলার উত্তর সেনগাতী গ্রামের বাসিন্দা। বুধবার গভীর রাতে বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় ওই কৃষকের মৃত্যু হয়। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত কৃষকের জামাতা ফরিদুল ইসলাম জানান,ডলার মল্লিককে গুরুতর আহতা অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ও রুবিনা খাতুনকে সিরাজগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শ্বশুর খালেক মল্লিকের সঙ্গে একই গ্রামের ইসমাইল হোসেন গংদের বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে মাস খানেক আগে খালেকের ছেলে ডলারের ওপর সন্ত্রাসী হামলা চালায় ইসমাইল গ্রুপের লোকজন। তখন ডলার আহত হয়। ওই ঘটনায় আব্দুল খালেক মল্লিক নিজেই বাদী হয়ে থানায় মামলা করেন। এর জের ধরে বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ইসমাইল গ্রুপের ১০/১২ জন লোক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে খালেক পরিবারের ওপর হামলা চালায়। এ সময় তারা পরিবারের তিন সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে চলে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার ভোরে বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় খালেক মারা যান।

বেলকুচি থানার উপ-পরিদর্শক নাজমুল ইসলাম জানান, খবর পেয়ে বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। 

আরও পড়ুন: সিরাজগঞ্জে ইয়াবাসহ তরুণ আটক