পদ্মার চরে গ্যাস!





পদ্মার চরে নির্গত হচ্ছে ‘গ্যাস’ রাজশাহীর টি-বাঁধ সংলগ্ন পদ্মার চরে গ্যাস নির্গত হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজশাহী নগরীর শ্রীরামপুর টি-বাঁধ এলাকার পাতান আলী (৫০) জানান, তিন-চারটি স্থানে বুদ বুদ করে তরল কিছু বের হতে দেখা যাচ্ছে। এতে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হলে তারা ম্যাচ দিয়ে আগুন ধরিয়ে দেখে। আবার অনেকে গ্যাস বের হওয়া মুখে পাইপ বসিয়ে দেখছেন। কেউ কেউ হাড়ি-পাতিল বসিয়ে পানি গরমও করছেন।

শ্রীরামপুর টি-বাঁধ এলাকার আবুল হোসেন (৩৫) জানান, চরের তিন-চারটি স্থানে বুদ বুদ করে তরল কিছু বের হতে দেখেন তারা। গ্যাসের মত গন্ধ লাগায় তারা আগুন জানিয়ে পরীক্ষা করেন। বিষয়টি নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক গোলাম সাব্বির সাত্তার তাপু বলেন, ‘প্রাকৃতিকভাবে হঠাৎ করে জলাভূমি ও নিম্মাঞ্চলে এ ধরনের গ্যাস পাওয়া যায়। তবে আমরা অর্থনৈতিকভাবে যেসব গ্যাসের কথা ভাবছি। সে গ্যাস এটা নয়। এর স্থায়ীত্বও খুব কম।’

গ্যাস বের হওয়া মুখে বসানো হয়েছে পাইপ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র উপদেষ্টা গোলাম সাব্বির সাত্তার তাপু আরও বলেন, ‘দশ বছর আগে এসব এলাকায় পাতা, আউড় কিংবা দুই-চারটে মানুষ মরে পচে থাকলে সেটা থেকেই হঠাৎ করে গ্যাস নির্গত হয়ে থাকতে পারে। অর্গানিক ম্যাটারনিটি থাকে এমন জিনিস পচে গেলে গ্যাস বের হয়। আমরা যে গ্যাসের কথা চিন্তা করছি। সেটা অনেক নিচে থাকে। সেই সঙ্গে তার চাপও বেশি লক্ষ্য করা যায়। এটা সে ধরনের গ্যাস নয়।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান বলেন, ‘বিষয়টা আমিও শুনেছি। এটি পরীক্ষা করে দেখা প্রয়োজন। তবে এটা ম্যাটিউরড কোনও ধরনের গ্যাস নয় বলে ধারণা করছি। এটা কিছুদিন পর শেষ হয়ে যাবে। তবে এটা ম্যাটিউরড গ্যাস না হলেও সেখানে কিছু জ্বালানো যাবে না। এতে বিস্ফারণও ঘটতে পারে। সাধারণ মানুষকে এ বিষয়ে সাবধান করতে হবে।’

পাতিল বসিয়ে পানি গরমের চেষ্টারাজশাহী পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) জিএম (মার্কেটিং) মোহাম্মদ কামারুজ্জামান বলেন, ‘এটা হচ্ছে পকেট গ্যাস। দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত অবস্থায় ছিল। দুই একদিন বের হওয়ার পর আবার বন্ধ হয়ে যাবে। তবে দীর্ঘদিন ধরে বের হতে থাকলে তখন পেট্রোবাংলার বাপেক্স কোম্পানিকে অবহিত করা হবে। তারাই গ্যাস জরিপ ও উত্তোলন করে থাকে।’