রাজশাহীতে চার জঙ্গি আটক

আটক চার জঙ্গিরাজশাহীর পুঠিয়া উপজেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের চার সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৫) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে সাতটি জিহাদি বই জব্দ করা হয়। আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ‌র‌্যাব-৫ এর সদর দফতরে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলো হায়াত উল্লাহ রুবেল, আব্দুর রহিম, মিজানুর রহমান ও মুকুল। এদের মধ্যে প্রথম তিনজনকে পুঠিয়া উপজেলার ক্ষুদ্র জামিরা গ্রামের বরজাহানের কলা বাগান থেকে ও মুকুলকে তাদের তথ্যের ভিত্তিতে একই উপজেলার ভড়ুয়াপাড়া গ্রাম থেকে আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া  র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুবুল আলম জানান, সোমবার রাতে পুঠিয়া উপজেলায় অভিযান চালিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে আনসার আল ইসলামের চার সক্রিয় সদস্যকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে পুঠিয়া থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার পর আদালতে সোপর্দ করা হবে।