ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ১৬শ’ লিটার পেট্রোল

বগুড়ার গাড়ীদহ এলাকায় বৃহস্পতিবার রাতে বাবলু ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে প্রায় এক হাজার ৬০০ লিটার পেট্রোল পুড়ে গেছে। ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতায় আগুন থেকে ট্যাংকলরি রক্ষা পেয়েছে। এতে কোনও হতাহতের ঘটনাও ঘটেনি।

বাবলু ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডফিলিং স্টেশনের ক্যাশিয়ার মিজানুর রহমান জানান, বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ এলাকায় বাবলু ফিলিং স্টেশনের রিজার্ভ ট্যাংকে ৬০০ লিটার পেট্রোল ছিল। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ট্যাংকলরি থেকে এক হাজার লিটার পেট্রোল ট্যাংকে নামানো হচ্ছিল। ওই সময় হঠাৎ করে ট্যাংকে আগুন ধরে যায়। এতে এক হাজার ৬০০ লিটার পেট্রোল পুড়ে গেছে।
শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলা হয়। এতে অল্পের জন্য ট্যাংকলরি রক্ষা পেলেও ফিলিং স্টেশনের প্রায় লাখ টাকা মূল্যের পেট্রোল পুড়ে গেছে।

তিনি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, সিগারেটের ফেলে দেওয়া অংশ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।