রাবিতে স্বাক্ষর জালিয়াতি করে শিক্ষকদের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের দুই শিক্ষার্থীর স্বাক্ষর জালিয়াতি করে একই বিভাগের চার শিক্ষকের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই দুই শিক্ষার্থী এ অভিযোগ করেন।

তারা হলেন-ম্যানেজমেন্ট বিভাগের মাস্টার্স দ্বিতীয় সেমিস্টারের ছাত্র মো. শহিদুল ইসলাম ও বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. বছির উদ্দীন।

সংবাদ সম্মেলনে তারা বলেন, গত ১ ফেব্রুয়ারি জানতে পারি- আমাদের স্বাক্ষরিত একটি চিঠি বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষকের কাছে পাঠানো হয়েছে। পরবর্তীতে চিঠির একটি কপি সংগ্রহ করে দেখি আমাদের স্বাক্ষর জাল করা হয়েছে।

ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. সোলাইমান চৌধুরী, অধ্যাপক ড. জিন্নাত আরা বেগম, অধ্যাপক ড. হাসনা হেনা ও অধ্যাপক ড. সাইফুল ইসলাম আমাদেরকে হুমকি-ধমকি দিয়ে বিভাগের স্বার্থ বিরুদ্ধ নানা কাজে সংশ্লিষ্ট করেছেন এবং আমাদের একাডেমিক ভয়-ভীতিকে পুঁজি করে নানা ধরনের অনৈতিক কাজে লিপ্ত করেছেন।’

ওই দুই শিক্ষার্থী অভিযোগ করে বলেন, “চিঠিতে উল্লিখিত কার্যক্রমের সঙ্গে আমরা কোনোভাবে সম্পৃক্ত নই। এ ধরনের কোনও চিঠি আমরা পাঠায়নি। এছাড়া, বছির উদ্দীনের নামের স্থানে ‘বসির’ শব্দটি ব্যবহার করা হয়েছে এবং ওই উড়ো চিঠির খামে কোনও প্রেরকের ঠিকানা উল্লেখ করা ছিল না।” চিঠিতে তাদের স্বাক্ষর স্ক্যান করে বসানো হয়েছে বলে দাবি করেন ওই দুই শিক্ষার্থী। 

এদিকে, ওই চিঠির বিষয়ে ২ ফেব্রুয়ারি রাতে দুই ছাত্র রাজশাহীর মতিহার থানায় পৃথক সাধারণ ডায়েরি করেছেন।