বগুড়ার শেরপুরের গোঁরতা গ্রামে সোমবার দুপুরে একটি পুকুর খননের সময় প্রায় ১০ মণ ওজনের কষ্টি পাথরের নারায়ণ মূর্তি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মূর্তিটি এক নজর দেখার জন্য সেখানে হাজার হাজার লোকের সমাগম ঘটে।
জানা যায়, উপজেলার ভবানীপুর ইউনিয়নের গোঁরতা গ্রামে মণ্ডল গ্রুপ্রের কেনা জমিতে পুকুর খনন করছিল। দুপুরের দিকে কষ্টি পাথরের নারায়ণ মূর্তিটি পাওয়া যায়। এ খবর প্রচার হলে হিন্দু সম্প্রদায়ের লোকজন পূজাঅর্চনা শুরু করে। পরে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে নিয়ে যায়।
ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, এক সময় এলাকাটি হিন্দু জমিদারদের ছিল। তাই এখানে এই ধরণের মূর্তি পাওয়া সম্ভব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, ৪০০ বছর আগে হিন্দু জমিদাররা পূজা অর্চনার জন্য মূতিটি তৈরি করেছিল। নিয়ম মাফিক মূল্যবান মূর্তিটি প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে।