নওগাঁর মহাদেবপুর উপজেলার নিষিদ্ধ পপি চাষের দায়ে আনোয়ারুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আনোয়ারুল উপজেলার কুন্দনা গ্রামের কাজেম উদ্দিনের ছেলে। সোমবার (৫ মার্চ) বিকালে আনোয়ারুলের বাড়িসংলগ্ন ওই পপির বাগানের সন্ধান পায় প্রশাসন।
মহাদেবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল হাসান জানান, বিকেলে পপির ওই বাগানে গেলে আনোয়ারুলকে পরিচর্যা করতে দেখা যায়। এসময় তাকে আটক করা হয়। সঙ্গে সঙ্গে পপির বাগনটি ধ্বংস করে ফেলা হয়। এসময় নিষিদ্ধ পপি চাষের দায়ে ভ্রাম্যমাণ আদালতে আনোয়ারুলের ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।