রাজশাহীতে নির্মাণাধীন ভবনের ক্রেন ভেঙে দুই শ্রমিক নিহত

নিহত দুই শ্রমিকের লাশরাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে ক্রেন ভেঙে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলো রাজশাহী মহানগরীর কর্নহার থানার আলীগঞ্জের সেলিম হোসেনের ছেলে মুক্তাজুল এবং পাবনার ঈশ্বরদীর মোসলেম উদ্দিনের ছেলে বাবু।

নগরীর শাহমখদুম থানার ওসি জিল্লুর রহমান জানান, রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল সাড়ে ১১টার দিকে মারা যান বাবু (৩৫)। এর আগে সকাল ১০টার দিকে ক্রেনের ভেঙে পড়া অংশের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন মুক্তাজুল (২২)।

তিনি আরও জানান, নিহত এই দুই শ্রমিক ক্রেনের নিচে মিক্সার মেশিনের সহকারী হিসেবে কাজ করছিলেন। কোরিয় সহায়তা সংস্থা-কোইকার অর্থায়নে নির্মিত রাজশাহী টিটিসির ক্যাপাসিটি বিল্ডিং প্রকল্পের ভাড়া করা শ্রমিক ছিলেন তারা।

প্রকল্পটি বাস্তবায়ন করছে মুক্তা কনস্ট্রাকশন। প্রতিষ্ঠানটির প্রকল্প ব্যবস্থাপক আমিনুল ইসলাম বলেন, ‘বাইরের একটি প্রতিষ্ঠান সাব-কন্ট্রাক্ট নিয়ে শ্রমিকদের দিয়ে কাজ করাচ্ছিল। সকাল ৮টা থেকে শুরু হয় তৃতীয় তলার কাজ। সেখানে ক্রেনে করে নির্মাণ সামগ্রী তুলছিলেন কর্মীরা। হঠাৎ স্যাফট ভেঙে ক্রেনটি নিচের মিক্সার মেশিন ঘেঁষে পড়ে। এতে এই হতাহতের ঘটনা ঘটে।’

ওসি জিল্লুর রহমান বলেন, ‘রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিহত দুই শ্রমিকের মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। এই ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।’