হ্যান্ডকাফসহ দুই আসামি পালিয়ে যাওয়ায় দুই পুলিশকে প্রত্যাহার

 রাজশাহী

হ্যান্ডকাফসহ দুই আসামি পলিয়ে যাওয়ার ঘটনায় সিরাজগঞ্জের শাহজাদপুর আমলি আদালতের দায়িত্বপ্রাপ্ত দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদের নির্দেশে রবিবার (২৯ এপ্রিল) সকালে তাদের প্রত্যাহারের পর জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। সিরাজগঞ্জ কোর্ট পরিদর্শক বাবুল উদ্দিন সরদার প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যাহার হওয়া ওই দুই পুলিশ কনস্টেবল হলেন আব্দুল হাই সরকার ও বিদ্যুৎ কুমার।

পুলিশ সুপার কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ জানান, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় শাহজাদপুর আমলি আদালতে দায়িত্বপ্রাপ্ত কোট সাব-ইন্সপেক্টর (সিএসআই) প্রদ্যুত কর, জেনারেল রেকর্ড অফিসার (জিআরও) আতাউর রহমান এবং শাহজাদপুর থানার ওসি খাজা মো. গোলাম কিবরিয়া ও পরিদর্শক (তদন্ত) রাকিবুল ইসলামের দায়িত্বে অবহেলা বা গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, শনিবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় মাদক ও চুরিসহ অন্য মামলার চার আসামিকে শাহজাদপুর আমলি আদালত থেকে সিএনজি অটোরিকশায় করে জেলা কারাগারে নেওয়া হচ্ছিল। চার আসামি পেছনের সিটে এবং অভিযুক্ত দুই পুলিশ কনস্টেবল অটোরিকশায় চালকের পাশে বসে ছিলেন। কিছু দূর যাওয়ার পর শাহজাদপুর বিসিক বাস টার্মিনাল এলাকায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে হ্যান্ডকাফসহ মাদক মামলার দুই আসামি পালিয়ে যায়।

পলাতক আসামিরা হলো দারিয়াপুর মহল্লার মৃত দুলালের ছেলে চান্নু শেখ (২৫) ও কান্দাপাড়া গ্রামের শহীদ আলী প্রামাণিকের ছেলে আতাউর রহমান আতা (৩৪)। আতা রাতে পুলিশের কাছে আত্মসমপর্ণ করলেও চান্নুকে রবিবার সকাল পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।

এ ঘটনায় পুলিশ সুপার কার্যালয় থেকে রবিবার দায়িত্বপ্রাপ্ত ওই দুই পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার ও পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।