রুয়েটের বাসচালক সালাম খুন পরিকল্পিত: পুলিশ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বাসচালক আব্দুস সালামকে (৫২) পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে দাবি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। পূর্ব ঘটনার জেরেই তাকে হত্যা করা হয়।

রুয়েটের বাসচালক সালামএদিকে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো- ওয়াসিম ও নগরীর কাজলা এলাকার পলাশ ওরফে শিমুল নামের এক যুবক। শিমুলের জবানবন্দি অনুসারে আরও চারজনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, গত ২৩ এপ্রিল রাত সাড়ে নয়টার দিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বাসচালক আব্দুস সালামকে (৫২) হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে হাসিবুল ইসলাম পলাশ বাদী হয়ে আরএমপি’র মতিহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, আগের একটি ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এ হত্যা হয়েছে। ঘটনার দিন রাত আনুমানিক নয়টার দিকে আব্দুস সালাম রুয়েটের মেইন গেটের পশ্চিম পাশের বিআরটিসি কাউন্টারে বসা ছিলেন। রাত সাড়ে নয়টার দিকে আব্দুস সালাম নিজ বাসার উদ্দেশে সাইকেলযোগে রওয়ানা করেন। পরে রুয়েটের ছাত্রী হলের পার্শ্ববর্তী রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে আব্দুস সালামকে এলোপাতাড়ি কোপানো হয়।

তদন্তকালে মতিহার থানা পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওয়াসিম নামে একজনকে গ্রেফতার করে। পরবর্তীতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নগরীর কাজলা এলাকার পলাশ ওরফে শিমুল নামের এক যুবককে আটক করা হয়। আদালতে কার্যবিধি-১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে পলাশ। আদালতে সহযোগী আরও ৪ জনের নামও বলে সে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।