ছাত্রলীগকর্মীর ছুরিকাঘাতে রাবি শিক্ষার্থী আহত

রাজশাহী বিশ্ববিদ্যালয়বান্ধবীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকর্মীর ছুরিকাঘাতে এক শিক্ষার্থী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৬ মে) রাত সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বিজ্ঞান ভবনের পেছনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
আহত শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম হৃদয় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে সম্প্রতি মাস্টার্স শেষ করেছেন। আহতের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৫নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আটক ছাত্রলীগকর্মী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. হামজা। সে রাবি ছাত্রলীগের সহ-সভাপতি সাদ্দাম হোসেনের অনুসারী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যায় তৃতীয় বিজ্ঞান ভবনের সামনে হৃদয় তার বান্ধবীকে নিয়ে বসেছিল। এসময় হামজাসহ কয়েকজন এসে তাদের উত্ত্যক্ত করে। হৃদয় প্রতিবাদ করলে তারা চলে যায়। এর কিছুক্ষণ পরে হৃদয় তৃতীয় বিজ্ঞান ভবনের পেছনে গেলে একা পেয়ে হামজাসহ কয়েকজন তাকে ছুরিকাঘাত করে। পরে আশেপাশের লোকজন হামজাকে আটক করে পুলিশে খবর দেয়। এসময় হামজার সঙ্গে থাকা দুজন পালিয়ে যায়।
ঘটনাস্থলে আটক অবস্থায় হামজার সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘আমি কাউকে ছুরিকাঘাত করিনি। আমার সঙ্গে আরও দুজন ছিল, ওরা ছুরি মেরেছে।’ কারা ছুরি মেরেছে জানতে চাইলে সহ-সভাপতি সাদ্দাম ধমক দিয়ে হামজাকে থামিয়ে দেন।
ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন বলেন, ‘গত সোমবার (১৪ মে) শের-ই-বাংলা হলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাস্টার্সের এক শিক্ষার্থীকে মারধর করায় হামজাকে হল থেকে বের করে দিয়েছি। এরপর থেকে তার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই।’ আর ছুরিকাঘাত কারা করেছে সে ব্যাপারে তিনি কিছু জানেন না বলে জানান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘ছুরিকাঘাতের ঘটনা শুনেই আমি আহত শিক্ষার্থীকে হাসপাতালে পাঠিয়েছি। আর অভিযুক্তকে পুলিশে দেওয়া হয়েছে।’
জানতে চাইলে মতিহার থানার সহকারী উপ-পরিদর্শক মতিউর রহমান বলেন, ‘অভিযুক্তকে আটক করে থানায় রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’