হাতকড়াসহ আসামি পলায়ন, সাড়ে চার ঘণ্টা পর ফের গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জচাঁপাইনবাবগঞ্জে হাতকড়াসহ হত্যা মামলার এক আসামি পালিয়ে যাওয়ার সাড়ে চার ঘণ্টা পর ফের তাকে গ্রেফতার করা হয়েছে। তার নাম বাইরুল ইসলাম(৪০)। শুক্রবার (২২ জুন) বিকালে জেলার নাচোল থানাহাজতে এ ঘটনা ঘটে। বাইরুলের বাড়ি নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের পুকুরিয়াপাড়া গ্রামে।
এ ঘটনায় জেলা পুলিশ সুপারের নির্দেশে সিনিয়র সহকারী পুলিশ সুপার মইনুল ইসলাম নাচোল থানা পরিদর্শন করে ঘটনাটি খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করেছেন।
তিনি বাংলা ট্রিবিউনকে জানান, আসামি পলায়নের ব্যাপারে পুলিশের কতটুকু গাফলতি ছিল, তা নিশ্চিত হয়ে পুলিশ সুপারের কাছে একটি প্রতিবেদন দেওয়া হবে।
নাচোল থানার অফিসার ইনচার্জ জুবায়ের আহম্মেদ বলেন, বৃহস্পতিবার (২১ জুন) রাতে পুকুরিয়া পাড়া গ্রামে কথা কাটাকাটির একপর্যায়ে সুজন নামে এক যুবককে রড দিয়ে পিটিয়ে হত্যা করে বাইরুল। এই ঘটনায় শুক্রবার সকালে নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় বাইরুলকে গ্রেফতার করে।’
তিনি আরও বলেন, ‘বিকেল ৩টার দিকে হাতকড়া পড়া অবস্থায় থানা থেকে পালিয়ে যান বাইরুল। পরে তাকে ধরতে নাচোল উপজেলাসহ আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। পরে পালিয়ে যাওয়ার সাড়ে চার ঘণ্টা পর সন্ধ্যা সোয়া ৭টার দিকে নাচোলের একটি আম বাগান থেকে আসামি বাইরুলকে গ্রেফতার করা হয়।’
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বলেন, ‘থানার টয়লেটে নিয়ে যাওয়ার সময় ওই আসামি কর্তব্যরত এক পুলিশ সদস্যকে ধাক্কা মেরে পালিয়ে যায়। পরে তাকে আবারও গ্রেফতার করা হয়েছে।’
এদিকে, এই মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই লালন জানান, ‘পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাইরুল এ হত্যাকান্ডে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছে। নিহত সুজন(১৮) পুকুরিয়া পাড়া গ্রামের বাসিন্দা।’