নাটোরে নিজের নসিমনের চাকার নিচে পড়ে চালকের মৃত্যু

নাটোরনাটোরের বড়াইগ্রাম উপজেলায় নিজের নসিমনের চাকার নিচে পড়ে এক চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার গোধরা এলাকায় এই ঘটনায় নিহত আমিরুল ইসলাম (২৫) কুষ্টিয়ার কাশিনাথপুরের বাসিন্দা।

বনপাড়া হাইওয়ে থানার ওসি জিএম শামসুন নূর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নসিমন চালক আমিরুল কুষ্টিয়া থেকে আম নিতে বড়াইগ্রামের আহম্মেদপুরের এক আড়তে আসছিলেন। এসময় গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে গোধরা এলাকায় যানবাহনকে সাইড দিতে গিয়ে আকস্মিকভাবে ব্রেক কষেন চালক। এসময় ভারসাম্য রাখতে না পেরে চালক নিজ আসন থেকে ছিটকে সড়কে পড়ে গেলে নিজ নসিমনের চাকা তার মাথাকে চাপা দেয়।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়না তদন্তের জন্য আমিরুলের মৃতদেহ নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি শামসুন নূর।