২০৫০ সালে রাজশাহীকে বিশ্বের এক নম্বর সিটি হিসেবে গড়ে তোলা হবে : বুলবুল

ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করছেন মোসাদ্দেক হোসেন বুলবুল২০৫০ সালের মধ্যে রাজশাহী সিটিকে বিশ্বের ১ নম্বর সিটি হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। তিনি বলেন, ‘শুধু তাই নয় নগরীর বেকার যুবক-যুবতিদের কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।’
সোমবার (৯ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর তেরখাদিয়া মার্কেটে ক্রেতা এবং ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। পরে বুলবুল প্রতিটি দোকানে যান এবং দোয়া প্রার্থনা করেন। এসময় তার সঙ্গে ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল আলম সমাপ্ত ও ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতারা।
কুশল বিনিময়ের সময় মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ‘ইতোমধ্যে গ্রিন সিটি, ক্লিন সিটি, হেলদি সিটি ও এডুকেশন সিটি এবং শান্তির শহর হিসেবে এই সিটি করপোরেশনকে বিশ্বের দরবারে তুলে ধরতে সক্ষম হয়েছি। বর্তমানে প্রায় ৫০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হচ্ছে এবং অনেক কাজ সমাপ্ত হয়েছে। আগামীতে আরও ১৪টি নতুন রাস্তা করা হবে। যাতে করে এই সুন্দর সিটি আজীবন সুন্দর ও পরিস্কার পরিচ্ছন্ন থাকে।’
মোসাদ্দেক হোসেন বুলবুল আরও বলেন, ‘রাজশাহী হচ্ছে বিএনপির ঘাঁটি। তৎকালীন আমল থেকে এখানে বিএনপি শক্ত অবস্থানে রয়েছে। এছাড়াও নেতাকর্মী ও সাধারণ ভোটাররা আমাকে অত্যন্ত ভালবাসেন, স্নেহ ও সম্মান করেন। কারণ আমি কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলাম না।’ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করছেন মোসাদ্দেক হোসেন বুলবুল
তিনি বলেন, ‘বিএনপির মধ্যে ভাঙন বা দিধাদ্বন্দ্ব নাই। সিটি নির্বাচন এবং জাতীয় নির্বাচনের জন্য বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন একতাবদ্ধ রয়েছে। বিশেষ করে রাজশাহী মহানগর, জেলা ও বিভাগীয় নেতারা সকলেই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের জন্য কাজ শুরু করেছে।’ সব নেতাকর্মী প্রাণের বিনিময়ে হলেও আসন্ন সিটি নির্বাচনে আমাকে এবং ধানের শীষের বিজয় নিয়ে আসবেন বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বুলবুল আরও বলেন, ‘রাজশাহীর যত উন্নয়ন সব বিএনপি আমলে হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১০০০ শয্যায় উন্নিতকরণ, ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তর, আধুনিক রেলওয়ে স্টেশন নির্মাণসহ আরও নানা ধরনের উন্নয়ন করেছেন তারা। এই সব উন্নয়ন ধারা অব্যাহত রাখতে বিএনপির কোনও বিকল্প নেই।’ আর সেই বিষয় চিন্তা করে নগরবাসী বিএনপি তথা ধানের শীষে পুনরায় ভোট প্রদান করবেন বলে তিনি জানান।