তুচ্ছ ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক বিদেশিকে অন্য বিদেশি শিক্ষার্থী মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মীর আব্দুল কাইয়ূম ইন্টারন্যাশনাল ডরমিটরির ডাইনিয়ে খাবার খেতে গেলে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম ডোমেন জোসেফ। তিনি ইউনিভার্সিটি অফ নিউ মেক্সিকো’র শিক্ষক। তিনি আমেরিকা থেকে এসেছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফোকলোর বিভাগে পিএইচডি করতে এসেছেন। আর মারধরকারী শিক্ষার্থী রুপোষ কুমার মিত্র নেপাল থেকে এসেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে দশটার দিকে ওই দুই বিদেশি শিক্ষার্থী খাবার খেতে আসে। এসময় নেপালি শিক্ষার্থী রুপোষ উচ্চস্বরে কথা বললে জোসেফ তাকে নিষেধ করেন। এ নিয়ে তাদের দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে জোসেল গালিগালাজ করলে রুপোষ জগ দিয়ে তার মাথায় আঘাত করে। এতে জোসেফের মাথায় জখম হয়। পরে তাকে বিশ্ববিদ্যালয়েল চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এবিষয়ে জোসেফ প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি বলেন,‘গতকাল রাতে ডাইনিয়ে রুপোষ উচ্চস্বরে কথা বলছিল। তখন আমি বারণ করি। কিন্তু সে শোনেনি। বুধবার সকালেও সে ডাইংয়ে উচ্চস্বরে কথা বলতে থাকলে আমি তাদের আবার বারণ করি। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রুপোষ আমাকে জগ দিয়ে মাথায় আঘাত করে।’ অভিযোগপত্রে তিনি নিরাপদ জায়গায় স্থানান্তরের আবেদন জানান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন,‘আমি ঘটনা স্থলে যেতে পারিনি। তবে ঘটনা শোনার পর আমি দুইজন সহকারী প্রক্টর পাঠিয়ে ছিলাম। যতদূর শুনেছি বিদেশি দুই শিক্ষার্থীর মধ্যে কথাকাটি হয়েছে। এসময় রুপোষ অপর জনকে জগ দিয়ে আঘাত করেছে।। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এখন সে ভালো আছে।’