বগুড়ায় আ.লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, গ্রেফতার ১

বগুড়াবগুড়ার নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ আগস্ট) রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

নন্দীগ্রাম থানার ইন্সপেক্টর আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় স্থানীয় ছাত্রলীগ নেতা আবু হোরায়রা আকাশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলা দায়ের হওয়ার পর পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে ছাত্রলীগ নেতা আবু হোরায়ারা আকাশসহ ৭-৮ জন চা পান করছিলেন। এ সময় জেলা বিএনপির সদস্য মোশাররফ হোসেন দলীয় নেতাকর্মী নিয়ে সেখানে এসে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এরপর তার নির্দেশে যুবদল ও ছাত্রদলের ক্যাডাররা ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা চালায়। এতে আকাশসহ ৪-৫ জন নেতাকর্মী আহত হন। খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ হামলার প্রতিবাদে পৌর ছাত্রলীগ শুক্রবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। সমাবেশ থেকে জড়িত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অবিলম্বে গ্রেফতার দাবি করা হয়েছে।

এ প্রসঙ্গে জিয়া শিশু কিশোর সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোশাররফ হোসেন জানান, তিনি বৃহস্পতিবার রাতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করছিলেন। তিনি ফেরার জন্য গাড়িতে ওঠার সময় ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডাররা অতর্কিতে হামলা চালায়। এতে তিনিসহ ৪-৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় ছাত্রলীগ উল্টো তাকেসহ ১৮ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। তিনি প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত চেয়েছেন।

নন্দীগ্রাম থানার ইন্সপেক্টর আনিসুর রহমান জানান, ছাত্রলীগ নেতার মামলা রেকর্ড করা হয়েছে। এছাড়া তাৎক্ষণিকভাবে এজাহারভুক্ত এক বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।