অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)রাজ্জাকুল ইসলামকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল)আবুল হাসনাত এবং বিআরটিএ’র সহকারী উপ-পরিচালক আশরাফুজ্জামান।
জেলা প্রশাসক শাহিনা খাতুন জানান, লালপুর উপজেলার কদিমচিলান এলাকায় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং এমন দুর্ঘটনারোধে প্রয়োজনীয় সুপারিশ পেতে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও জানান, ২০১৪ সালে নাটোরের বড়াইগ্রামে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছিল। ওই প্রতিবেদনটি যাচাই করা হবে। প্রতিবেদনে কী কী সুপারিশ করা হয়েছিল আর কোন কোন সুপারিশ এখনও বাস্তবায়ন করা হয়নি তা খতিয়ে দেখা হবে। প্রতিবেদনটির সকল সুপারিশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, শনিবার (২৫ আগস্ট) বিকালে লালপুর উপজেলার কদমিচিলান এলাকায় বাস ও লেগুনার সংঘর্ষে ১৪ জন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও অন্তত ৩০ জন।