কোটা বাতিলের প্রতিবাদে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের মানববন্ধন

পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের জন্য বরাদ্দ থাকা কোটা বাতিলের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের বঙ্গবন্ধু মুর‌্যাল চত্বরের সামনে এই কর্মসূচি পালিত হয়। এতে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতৃবৃন্দ অংশ নেন। প্রতিবাদকারীরা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের জন্য বরাদ্দ থাকা কোটা পুনর্বহালের জোর দাবি জানান।চাঁপাইনবাবগঞ্জে আদিবাসী কোটা পুনর্বহালের দাবিতে মানববন্ধন
ঘন্টাব্যাপী চলা এই মানবন্ধনে বক্তব্য রাখেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মুরমু, সাধারণ সম্পাদক প্রভাত টুডু, ছাত্রনেতা লুইস টুডু প্রমুখ। কোটা সংরক্ষণের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি ইসরাইল সেন্টু ও জেলা থিয়েটারের সাধারণ সম্পাদক শাহ্জাহান প্রামানিক।
মানববন্ধনে আদিবাসী নেতারা দাবি করেন, সাংবিধানিক সুরক্ষা থাকায় তাদের জন্য বরাদ্দ কোটা সরকার বাতিল করতে পারে না। তাদের কোটা পুনর্বহালের জন্য প্রধানমন্ত্রীর প্রতি দাবি জানান প্রতিবাদকারীরা। মানবন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর প্রেরণের জন্য ফোরামের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করেন।
গত ১৩ আগষ্ট ২০১৮ তারিখ কোটা সংস্কার ও পর্যালোচনা কমিটির প্রধান ও মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম জানিয়েছিলেন, ‘দেশে এখন আর পিছিয়ে পড়া কোনও জনগোষ্ঠী নেই।’ ফলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা রাখার সুপারিশ করেনি কমিটি।