ছাত্রলীগের পিটুনিতে আহত রাবির ৪ শিক্ষার্থীর নামে মামলা দিলো পুলিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ছাত্রলীগের পিটুনিতে আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চার শিক্ষার্থীর বিরুদ্ধে নাশকতার মামলা দিয়ে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। শুক্রবার (১৯ অক্টোবর) সকালে তাদের গ্রেফতার দেখানোর বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন। এর আগে বৃহস্পতিবার (১৮ অক্টোবর) রাতে শিবির সন্দেহ পিটিয়ে তাদের পুলিশে দেয় ছাত্রলীগের রাবি শাখার নেতাকর্মীরা।

গ্রেফতার শিক্ষার্থীরা হলেন— বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী লিটন, দ্বিতীয় বর্ষের মুহাইমিন এবং সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের নাসিম হাসান ও আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শাহরুখ। বর্তমানে তারা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি শাহাদাৎ হোসেন বলেন, ‘শিবিরের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ছাত্রলীগ চারজনকে আটক করে আমাদের হাতে তুলে দেয়। জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর তাদের নাশকতার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তারা এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হলে তাদেরকে আদালতে নেওয়া হবে।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হলের সামনে থেকে ১৪ শিক্ষার্থীকে আটক করে বঙ্গবন্ধু হলে নিয়ে আসে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে সেখানে ঘণ্টাব্যাপী আটক রেখে মারধরের পর চার জনকে শিবির সংশ্লিষ্টতার অভিযোগ এনে পুলিশে দেওয়া হয়। বাকি আট জনকে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন...

রাবিতে শিবির সন্দেহে ৪ শিক্ষার্থীকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রলীগ