রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় রেলওয়ে পুলিশসহ নিহত ৩

সড়ক দুর্ঘটনারাজশাহীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় রেলওয়ে পুলিশের দুই সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সোনাদীঘি ও রাজশাহী নগরীর উপশহরে দুর্ঘটনা দুটি ঘটে। দুর্ঘটনার বিষয় নিশ্চিত করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ।

নিহতরা হলেন— আল ইসলাম (৩০), মো. আলাউদ্দিন (২৩) ও মৃদুল ইসলাম (৯)। এদের মধ্যে আল ইসলাম রাজশাহী রেলওয়ে থানার উপপরিদর্শক ছিলেন। আর আলাউদ্দিন ছিলেন— পশ্চিমাঞ্চল রেলওয়ের নিরাপত্তা প্রহরী।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সোনাদীঘি এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে একটি মোটরসাইকেলকে কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী আল ইসলাম ও আলাউদ্দিন নিহত হন। আর রাজশাহী নগরীর উপশহরে বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ হারায় শিশু মৃদুল। সে নগরীর মালদা কলোনির মোতাহার হোসেনের ছেলে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, আল ইসলাম ও আলাউদ্দিন মোটরসাইকেলে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আলাউদ্দিন নিহত হন। আর রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পর মারা যান আল ইসলাম।

রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, বিকালে নগরীর উপশহরে বেপরোয়া একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এসময় কয়েকজন পথচারী ট্রাকের নিচে চাপা পড়েন। এর মধ্যে শিশু মৃদুলকে রামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।