জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু অভিযোগ করে বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে নেতাকর্মী শূন্য বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। আশপাশের বেশ কয়েকটি বসতবাড়িতেও হামলা চালানো হয়।’
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ-২ আসনের এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না অভিযোগ করে বলেন, ‘আদালতের রায়ে খালেদা জিয়ার সাজা হওয়ায় সোমবার সন্ধ্যায় বিএনপি-জামায়াতের বিক্ষুব্ধ নেতাকর্মীরা জেলা মহিলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ও সদর থানা আওয়ামী লীগ নেতা বেল্লাল হোসেনের বাড়িতে পেট্রোল বোমা হামলা চালায়। ওই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল ১১টার দিকে শহরে বিক্ষোভ মিছিল করা হয়েছে। ওই মিছিলে আমি নিজে উপস্থিত থাকায় দলের কোনও নেতাকর্মী বিএনপি অফিসের দিকে যায়নি। অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা বিষয়ে বিএনপি নেতারা মিথ্যা অভিযোগ করছে। ’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ বিষয়ে বলেন, ‘দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রায় ঘোষণার পর আমরা সিরাজগঞ্জে বিক্ষোভ প্রদর্শন তো দূরের কথা শান্তিপূর্ণভাবে একটি প্রতিবাদ মিছিল পর্যন্ত বের করতে পারিনি। এ অবস্থায় আমাদের বিরুদ্ধে বোমা হামলার অভিযোগ হাস্যকর ও উদ্দ্যেশ্যমূলক।’
এ বিষয়ে সদর থানার পরিদর্শক (অপারেশন) নুরুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের মিছিলের পেছনে কতিপয় নেতাকর্মীরা বিএনপি অফিসের সামনে এসে ইট-পাটকেল নিক্ষেপ করার চেষ্টা করলে পুলিশ তাৎক্ষণিক তা নিয়ন্ত্রণ করে। তাদের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি পুলিশের নজরে আসেনি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন ও টহল রয়েছে।’