দুই বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো স্কুলছাত্রের

01নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীতে ডুবে যাওয়া দুই বন্ধুকে রক্ষা করতে গিয়ে আশরাফ সিদ্দিকী আবির (১৪) নামে এক স্কুলছাত্র মারা গেছে। ডুবে যাওয়া দুই সহপাঠীকে শেষ পর্যন্ত অন্য বন্ধুরা রক্ষা করলেও আবিরকে মৃত উদ্ধার করা হয়। মঙ্গলবার (৩০ অক্টোবর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে লাশটি উদ্ধার করা হয়।


লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আশরাফ লালপুর উপজেলার রুইগাড়ি গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে এবং নর্থবেঙ্গল সুগার মিলস উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
লালপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, সরকারের ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ কর্মসূচির উৎসব পালনে নর্থবেঙ্গল সুগার মিলস স্কুল ভেন্যু হিসেবে ব্যবহার হচ্ছে। শিক্ষার্থীদের বিজয়ফুল প্রতিযোগিতার কারণে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় অ্যাসেম্বলি শেষে শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়। এ সময় আবিরসহ নবম শ্রেণির ১৬ শিক্ষার্থী একসঙ্গে গৌরীপুরে পদ্মা নদী দেখতে যায়। বেলা ১২টার দিকে একপর্যায়ে তারা হাঁটু পানিতে নেমে সেলফি তুলতে যায়। এ সময় সায়েম ও তানজিল পানিতে তলিয়ে যেতে থাকে। এ সময় আবির সাঁতার না জেনেও তাদের উদ্ধার করতে যায়। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। পরে অন্য বন্ধুরা সায়েম ও তানজিলকে উদ্ধার করতে পারলেও আবির নিখোঁজ থাকে।
ওসি আরও জানান, খবর পেয়ে স্থানীয় সাংসদ আবুল কালাম আজাদ, উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, উপজেলা নির্বাহী আফিসার উম্মুল বানীন দ্যুতি ও থানার ওসি নজরুল ইসলাম জুয়েল ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু স্থানীয় লোকজন অনেক খোঁজ করেও আবিরের কোনও সন্ধান পায়নি। পরে রাজশাহীতে ডুবুরি দলকে খবর দেওয়া হয়। ডুবুরি দল রাত ৬টা ৪১ মিনিটে আবিরের লাশ উদ্ধার করে।