প্রতিমন্ত্রী শুক্রবার (২ নভেম্বর) বিকালে বাঘা উপজেলার বারখাদিয়া উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষাক্ষেত্রে নারীরা বেশি এগিয়ে। দেশকে এগিয়ে নিতে পুরুষের পাশাপাশি নারীদেরকেও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’
শিক্ষাই জাতির মেরুদণ্ড উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকার প্রতিটি ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয়ের নতুন নতুন ভবন তৈরি করছে, প্রতিটি উপজেলায় একটি করে উচ্চ বিদ্যালয় ও কলেজ সরকারিকরণ করা হচ্ছে এবং দক্ষ জনশক্তি তৈরি করতে প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল এবং কলেজ নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া স্বাস্থ্যসেবার অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।’
শাহরিয়ার আলম বলেন, ‘প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, প্রত্যন্ত গ্রামগঞ্জের জনগণ শহরে চিকিৎসার ব্যয় বহন করতে পারবে না, তাই গ্রামে গ্রামে কমিউনিটি ক্লিনিক এবং মা ও শিশুকল্যাণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হচ্ছে যাতে করে গ্রামের জনগণ অল্প খরচে চিকিৎসা সেবা নিতে পারে।’
বারখাদিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দুলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সহ সভাপতি আজিজুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্ট, অধ্যক্ষা নছিম উদ্দীনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।