জয়পুরহাট-২ আসনে নৌকার মাঝি এমপি স্বপন

আবু সাঈদ আল মাহমুদ স্বপনজয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। রবিবার স্বপনকে পুনরায় মনোনয়ন দিলে প্রার্থী নিয়ে চলা সব গুজবের অবসান হয়। বিভ্রান্তি দূর করতে দলীয় প্রধান শেখ হাসিনার স্বাক্ষরিত মনোনয়ন পত্র ফেসবুকেও আপলোড করা হয়। মনোনয়নের এ খবর এলাকায় পৌঁছা মাত্র নেতাকর্মীরা মিষ্টিমুখ করে।

ক্ষেতলাল বাজারের ব্যবসায়ী আব্দুল আলীম বলেন, ‘গত কয়েক দিন থেকেই এলাকায় গুজব চলছে,এবার দলীয় মনোনয়ন এমপি স্বপন পাচ্ছেন না। মনোনয়ন পাচ্ছেন জাতীয় পার্টির নেতা আবুল কাশেম রিপন। অথচ এলাকায় ওই নেতার কোনও পরিচিতি নেই। আমাদের আশা ছিল দলের হাইকমান্ড এতবড় ভুল করবে না। আমাদের কথাই সত্য হয়েছে। আমরা ভীষণ খুশি।’

একই কথা বলেছেন মুন্দাইল গ্রামের আব্দুল মান্নান বলেন, ‘গত পাঁচ বছরে এলাকার উন্নয়নের পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করায় এমপি স্বপনকে মানুষ এবার প্রতিদান দেবেন।’

এমপি স্বপন বলেন, ‘২০০৮ সালে জননেত্রী শেখ হাসিনা আমাকে জয়পুরহাট-২ আসনে মানুষের সেবা করতে খাদেম হিসেবে পাঠিয়েছিলেন। সেই থেকে আমি মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রেখে এলাকার উন্নয়ন করেছি। আমি মনে করি আগামী নির্বাচনে এলাকার মানুষ অবশ্যই আমার মূল্যায়ন করবেন।’