রাজশাহী-৬ আসনে মনোনয়ন ফিরে পেলেন আবু সাঈদ চাঁদ

আবু সাঈদ চাঁদরাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বিএনপির প্রার্থী আবু সাঈদ চাঁদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন আপিল বিভাগ। শনিবার নির্বাচন কমিশনে আপিল আবেদনের শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে রাজশাহী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন জানান, উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগপত্র গৃহীত না হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার। আপিল আবেদনের শুনানির সময় পদত্যাগপত্র গ্রহণের কপি দাখিল করা হয়। এছাড়াও যে মামলাটি নিয়ে রিটার্নিং অফিসার সন্দেহ প্রকাশ করেন, তার কপিও আপিল বিভাগে দেওয়া হয়েছে। ফলে শুনানি শেষে আবু সাঈদ চাঁদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশনার। আবু সাঈদ চাঁদের নির্বাচন করতে আর কোনও বাধা রাইলো না।
গোলাম মোস্তফা মামুন আরও বলেন, ‘রাজশাহী-৬ আসনে আবু সাঈদ চাঁদসহ তিনজনকে প্রথমে দলীয় প্রত্যয়নপত্র দেওয়া হয়। তারা তিনজনই মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু, শুক্রবার বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকায় ধানের শীষ প্রতীক আবু সাঈদ চাঁদকে দেওয়া হয়। ফলে চাঁদ ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। আর অন্যরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন। আবু সাঈদ চাঁদ বর্তমানে রাজশাহী কারাগারে রয়েছেন।