বিএনপি প্রার্থীর বাসায় গেলেন নওগাঁ-৫ আসনে বিজয়ী ব্যারিস্টার নিজাম উদ্দিন

নওগাঁ-৫ আসনের বিজয়ী প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জন বিএনপির পরাজিত প্রার্থীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গেলে তাকে মিষ্টি মুখ করোনো হয়

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ আসন সদর উপজেলা থেকে মহাজোটের প্রার্থী প্রয়াত আবদুল জলিলের ছেলে ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিজয়ী হয়েছেন। তার বিজয়ের আনন্দে নওগাঁর বিভিন্ন স্থানে নেতাকর্মী ও সমর্থকদের মিষ্টি বিতরণ করতে দেখা গেছে।

সোমবার (৩১ ডিসেম্বর) বিকালে তিনি শহরের পার-নওগাঁ মহল্লায় ঐক্যফ্রন্টের পরাজিত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলুর বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সালাম বিনিময় এবং পরস্পরকে মিষ্টিমুখ করা হয়। পরে তিনি নওগাঁর উন্নয়ন নিয়ে একসঙ্গে কাজ করার জন্য জাহিদুল ইসলাম ধলুর সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় ধলুও নওগাঁর উন্নয়নে সহমত প্রকাশ করেন।

এ সময় জেলা যুবলীগের সাবেক সভাপতি আলহাজ রফিকুল ইসলাম রফিক, যুবলীগ নেতা শাহ পরান মণ্ডল নয়ন, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজভী, সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউলসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ব্যারিস্টার নিজাম উদ্দীন জলিল জন বলেন, ‘প্রতিযোগীতায় হারজিত থাকবেই। তবে এক হয়ে শান্তিপূর্ণভাবে নওগাঁর উন্নয়নে আমাদের যে স্বপ্ন ও পরিকল্পনা আছে তা বাস্তবায়ন করা সম্ভব। এছাড়া আমাদের ব্যক্তিগত ও দলীয়ভাবে ইশতেহারে যা প্রতিশ্রুতি দিয়েছি তা যেন বাস্তবায়ন করতে পারি। এসব ব্যাপারে জাহিদুল ইসলাম ধলু ভাই একমত প্রকাশ করেছেন। আমি নওগাঁবাসীর কাছে কৃতজ্ঞ। যারা আমাকে মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করেছেন। ইনশাআল্লাহ শপথ নেওয়ার পর নওগাঁর উন্নয়নের জন্য চেষ্টা করে যাবো।’

ব্যারিস্টার নিজাম উদ্দীন জলিল জন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জাহিদুল ইসলাম ধলুর চেয়ে ৭৩ হাজার ২০৬ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।