চাঁপাইনবাবগঞ্জে থেকে আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ৪টি ওয়ান স্যুটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে ৫৯ বিজিবি। বৃহস্পতিবার সকালে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ কয়লা দিয়াড় এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এ সময় বাসটি জব্দ করা হয়েছে।  একইদিন সকালে সদর উপজেলার জহুরপুর সীমান্ত থেকে ১ কেজি ৭৫০ গ্রাম গান পাউডার উদ্ধার করেছে ৫৩ বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এস এম সালাহ উদ্দিন জানান,‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি রাজশাহীগামী এম এন্টার প্রাইজের একটি বাসে করে (ঢাকা মেট্রো-ব-১৪-০০৯৯) অবৈধ অস্ত্র ও গোলাবারুদ বহন করা হবে। এমন তথ্যের ভিত্তিতে ৫৯ বিজিবি’র রহনপুর ব্যাটালিয়নের একটি দল ওই বাসটিকে আটক করতে সোনামসজিদ এলাকার কয়লাবাড়ি এলাকায় ফাঁদ পাতে। বেলা ১০টার দিকে বাসটি এসে পৌঁছালে বিজিবি’র টহল দল বাসটিকে চ্যালেঞ্জ করে এবং ব্যাপক তল্লাশি চালায়। পরে ওই বাসে রাখা ফলের কার্টুনের ভেতর লুকিয়ে রাখা এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার অস্ত্র, গোলাবারুদ ও বাসটিকে শিবগঞ্জ থানায় হস্তান্তর ও মামলা করা হয়েছে।

অপরদিকে, সদর উপজেলার জহুরপুর সীমান্তে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ অনুপ্রবেশ রোধে বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি ৭৫০ গ্রাম গান পাউডার উদ্ধার করেছে ৫৩ বিজিবি।

৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার জানান,‘অস্ত্র ও গোলাবারুদ অনুপ্রবেশ রোধে বৃহস্পতিবার সকালে সীমান্তের কালুপুর মাঠে অভিযান চালায় বিজিবি। এ সময় অজ্ঞাত এক ব্যক্তির আচরণ সন্দেহজনক হলে তাকে চ্যালেঞ্জ করলে সে তার হাতে থাকা একটি ব্যাগ ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ থেকে গান ১ কেজি ৭৫০ গ্রাম পাউডার উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন,‘এ বিষয়ে সদর মডেল থানায় একটি বিষ্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।