বগুড়ায় এক লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত ডিপ্লোমা প্রকৌশল (টেক্সটাইল) দ্বিতীয় বর্ষের ছাত্র সাকিবুল ইসলামকে (২০) উদ্ধার ও তিন অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। সদর থানা পুলিশ শনিবার রাতে শহরের খান্দার এলাকা থেকে তাকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতার করে। এ ব্যাপারে ছাত্রের বাবা রফিকুল ইসলাম রবিবার সকালে সদর থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেছেন।
শনিবার দুপুরের দিকে সাকিবুলকে খান্দার তিনমাথা মোড় থেকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করা হয়।
গ্রেফতার আসামিরা হলো— বগুড়া শহরের খান্দার নতুনপাড়ার আবুল কালামের ছেলে রেজাউল ইসলাম রিয়াদ (২৪), মালগ্রাম দক্ষিণপাড়ার ওয়াদুদ সরকারের ছেলে ওয়াহেদ ফারুকী মেঘ (১৯) ও একই এলাকার মো. ইদ্রিসের ছেলে মো. সজিব (২৫)। পলাতক আসামী খান্দার চারতলা এলাকার মৃত সামাদ হোসেনের ছেলে সোহেল রানা (২৬)।
সদর থানার এসআই সোহেল রানা জানান, বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দামরুল গ্রামের রকিফুল ইসলামের ছেলে সাকিবুল ইসলাম শহরের মফিজ পাগলার মোড় এলাকায় বিআইআইটি নামে এক ডিপ্লোমা প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠানে টেক্সটাইল বিভাগে দ্বিতীয় বর্ষে পড়েন। তিনি সেউজগাড়ি এলাকার একটি মেসে থেকে ওই প্রতিষ্ঠানে যাতায়াত করেন। সাকিবুল গত ২৬ ডিসেম্বর সকালে সেউজগাড়ির মেস থেকে বিআইআইটি প্রতিষ্ঠানে ব্যবহারিক পরীক্ষা দিতে যান। পরীক্ষা শেষে মেসের দিকে রওনা হন। বেলা দেড়টার দিকে খান্দার তিনমাথা এলাকায় পৌঁছলে চার আসামি তাকে ধারালো অস্ত্রের মুখে রিকশায় তুলে নিয়ে যায়। এরপর মোবাইল ফোনে তার বাবা রফিকুল ইসলামের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় সাকিবুলকে হত্যার হুমকি দেওয়া হয়। ছেলেকে বাঁচাতে রফিকুল ইসলাম বিকাশের মাধ্যমে আসামিদের পাঁচ হাজার ১০০ টাকা দেন। অবশিষ্ট টাকা রাতে খান্দার এলাকায় দেওয়ার কথা বলা হয়। রফিকুল ইসলাম বিষয়টি সদর থানায় অবহিত করেন। শনিবার রাত ১০টার দিকে আসামি ওয়াহেদ ফারুকী মেঘ টাকা নিতে খান্দার এলাকায় আসে। এ সময় তাকে কৌশলে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে সে অন্য আসামি ও অপহৃত সাকিবুলের সন্ধান দেয়। এরপর একই এলাকা থেকে আসামি রিয়াদ ও সজিবকে গ্রেফতার এবং তাদের হেফাজত থেকে ভিকটিম সাকিবুলকে উদ্ধার করা হয়। অপর আসামি সোহেল রানা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ ব্যাপারে সাকিবুলের বাবা রবিবার সকালে সদর থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেছেন।
পুলিশ কর্মকর্তা সোহেল রানা জানান,গ্রেফতার আসামিরা অপহরণ চক্রের সদস্য। এরা অপহরণ করে মুক্তিপণ আদায় করে থাকে। পলাতক আসামি সোহেল রানাকে গ্রেফতারে অভিযান চলছে।