রাজশাহীতে নাশকতার মামলায় মহানগর ছাত্রদল নেতা গ্রেফতার

রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে রবি (ছবি– প্রতিনিধি)

নাশকতার মামলায় রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে রবিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর বাচ্চুর মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

ওসি আমান উল্লাহ জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া নাশকতার দুই মামলায় রবির বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। তাই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এদিকে, রবিকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে স্থানীয় বিএনপি। রাতেই এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, নগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল এবং সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন ছাত্রদলের এই নেতাকে গ্রেফতারের নিন্দা জানিয়ে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।