আন্দোলনের হুমকি দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সিনিয়র নেতা ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বিএনপি প্রসঙ্গে বলেন, ‘যে দলের নেতারা পুলিশের লাঠির আঘাতে দৌড়ে পালায়, সেসব নেতাকে দিয়ে আন্দোলন হয় না। তার চেয়ে সংসদে আসুন, জনগণের কথা বলুন, খালেদা জিয়ার মুক্তির কথা বলুন, হয়তোবা লাভ হতে পারে।’ বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকালে কাজিপুরের নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজের রজতজয়ন্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাসিম বলেন, ‘বিরোধী দলবিহীন পার্লামেন্ট সরকার চায় না। সরকার সংসদকে প্রাণবন্ত দেখতে চায়। তাই সংসদে ফিরে আসুন।’
তিনি আরও বলেন, ‘বিরোধী দলে থাকতে আমরা অনেকবার জেল খেটেছি, পুলিশের হাতে নিগৃহীত হয়েছি, কিন্তু মাঠ থেকে পালিয়ে যাইনি।’
১৪ দলের মুখপাত্র বলেন, ‘আওয়ামী লীগ সরকার আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে। শেখ হাসিনার সরকার মানেই উন্নয়নের সরকার। শেখ হাসিনার নেতৃত্বে সরকারের ধারাবাহিকতার কোনও বিকল্প নেই।’
নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক সরকারের সভাপতিত্বে সমাবেশে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান লায়লা আরজুমান্দ বানু বীথি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, নাটুয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক বেলাল হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন।