রাজশাহীতে ১০৩ টাকায় পুলিশের চাকরি পেলেন ৮৮ জন

সংবাদ ব্রিফিং (ছবি– প্রতিনিধি)

রাজশাহীতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে মাত্র ১০৩ টাকায় ৮৮ জন তরুণ-তরুণী পুলিশের চাকরি পেয়েছেন। রবিবার (৮ জুলাই) পুলিশ কনস্টেবল পদে তাদের নিয়োগের কার্যক্রম সম্পূর্ণ হয়। এদিন সন্ধ্যায় জেলা পুলিশলাইনে সাংবাদিকদের ব্রিফিং করে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. শহীদুল্লাহ।

এসপি মো. শহীদুল্লাহ বলেন, ‘কোনও অনিয়ম ছাড়াই ৮৮ জনকে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ছেলে ৪৪ জন ও মেয়ে ৪৪ জন। ছেলেদের মধ্যে ১১ জন মুক্তিযোদ্ধা কোটায়, তিনজন পুলিশ পোষ্য কোটায়, দুইজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় আর ২৮ জন সাধারণ মেধায় নিয়োগ পেয়েছে। অন্যদিকে, মেয়েদের মধ্যে সাধারণ মেধায় ৪২ জন, পুলিশ পোষ্য কোটায় একজন ও মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পেয়েছে একজন।’

পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন তারা (ছবি– প্রতিনিধি)

তিনি আরও বলেন, ‘১০০ টাকার ব্যাংক ড্রাফট ও তিনটাকার ফরম ছাড়া কোনও টাকা লাগেনি এ নিয়োগে। এককথায় ১০৩ টাকায় এ নিয়োগ সম্পূর্ণ করা হয়েছে।’

জেলা পুলিশ সূত্র জানায়, এবার কনস্টেবল পদে পুলিশলাইন মাঠে পাঁচ হাজার ১৪১ জন দাঁড়ায়। লিখিত পরীক্ষার জন্য টিকে ৮৭৯ জন। লিখিত পরীক্ষার পর ভাইভা নেওয়া হয় ৪২৪ জনের।