জয়পুরহাটের কালাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার মোলামগাড়ি বাজারের সোনারপট্টির ফরিদুল সোনারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। কালাই থানার ওসি আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়ির উঠানের জিআই তারে কাপড় শুকাতে গিয়ে ফরিদুলের স্ত্রী স্বপ্না বেগম (৩২) বিদ্যুতায়িত হন। এ সময় তার ৪ বছরের মেয়ে শিমু মাকে ধরতে গিয়ে সেও বিদ্যুতায়িত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাদের দ্রুত কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহিদ আকন্দ সাংবাদিকদের জানান, হাসপাতালে আনার আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
কালাই থানার ওসি আব্দুল লতিফ জানান, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।