পদ্মাপাড়ে সাড়ে ১৪ হাজার বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন





বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধনে মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে অন্যরাপদ্মা নদীর ধারে লালন শাহ পার্কে সাড়ে ১৪ হাজার বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রাসিক এবং ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের যৌথ উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে খায়রুজ্জামান লিটন বলেন, ‘মানবজাতি, বন্যপ্রাণী ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশ্বব্যাপী বৃক্ষরোপণ আন্দোলন হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনও বিকল্প নেই। তবে গাছ লাগানো সহজ হলেও তা রক্ষা করা কঠিন হয়। এ জন্য স্থানীয়দের সচেতন হতে হবে। তাদেরই গাছগুলো রক্ষা করতে হবে।’ এ সময় মেয়র রাসিকের গাছ পরিচর্যাকারীদেরসতর্ক থাকার নির্দেশ দেন।’
মেয়র বলেন, ‘পদ্মা নদীর ধারে যে গাছগুলো লাগানো হচ্ছে, পরবর্তী সময়ে এটি সবুজ বেষ্টনী হিসেবে কাজ করবে। উষ্ণ মৌসুমে তাপ কমানো, ঝড় মৌসুমে নদীর চরের বালু শহরে প্রবেশের ক্ষেত্রে বাধা হবে গাছগুলো। এতে শহর পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে।’
‘জীবনের স্পন্দন বৃক্ষ’ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই বৃক্ষরোপণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউন নবী দুদু। এ সময় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, ব্র্যাকের রাজশাহী বিভাগের আঞ্চলিক পরিচালক ফারজানা পারভীনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ, রাজশাহী সিটি করপোরেশন এবং ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের যৌথ উদ্যোগে এই সাড়ে ১৪ হাজার বৃক্ষরোপণ করা হচ্ছে। গাছগুলোর মধ্যে রয়েছে মেহেগনি, কড়ই, নাড়িকেল, আম, রাজকড়ই, নিম, অর্জুন, হরিতকি, বহেরা, জাম্বুরা ইত্যাদি।