রাজশাহীতে এবার আইয়ুব বাচ্চুর গিটার ও হ্যাটের আদলে মণ্ডপ

 

01রাজশাহী নগরীর রানীবাজার এলাকার টাইগার সংঘের পূজা মণ্ডপে প্রত্যেক বছরের মতো এবারও নতুন বিষয় তুলে ধরে প্যান্ডেল সাজানো হয়েছে। ব্যান্ড সংগীতের লিজেন্ড আইয়ুব বাচ্চুর গিটার ও হ্যাটের আদলে সেখানে প্যান্ডেল তৈরি করা হয়েছে। গিটারের মাঝে হ্যাটের উচ্চতা ১০ ফিট ও চওড়া ২৬ ফিট। আর গিটারের দৈর্ঘ্য ৫৪ ফিট এবং প্রস্থ ১৯ ফিট। ধর্মবর্ণ সব শ্রেণিপেশার মানুষদের দৃষ্টি আকর্ষণ করছে বিভিন্ন আলোকসজ্জায় সাজানো টাইগার সংঘের এই মণ্ডপ।

জানা গেছে, টাইগার সংঘ ৩৮ বছর ধরে নগরীর রানীবাজার এলাকার পূজা করে আসছে। কয়েক বছর এই সংঘটি মণ্ডপে বৈচিত্র্য নিয়ে আসার চেষ্টা করে চলেছেন। ২০১৬ সালে ক্রিকেটে বাংলাদেশের উল্লেখযোগ্য অবদানকে স্মরণ করে বাঘের মুখের আদলে সাজিয়েছিল প্যান্ডেল তারা। ২০১৭ সালে ভারতীয় ‘বাহুবলী’ সিনেমার পোস্টারের আদলে সাজানো হয়েছিল। আর গতবার ২০১৮ সালে সাজানো হয়েছিল বাংলাদেশের সব থেকে বড় অর্জন বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর আদলে। আর এবার আইয়ুব বাচ্চুর স্বরণেই তার হ্যাট ও গিটারের আদলে পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে।

টাইগার সংঘের সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী বলেন, ‘নগরীর অন্যতম পূজা মণ্ডপটি আমাদের এই টাইগার সংঘের। প্রতিবারের মতো এবারও ভিন্ন কিছু বিষয় মাথায় রেখে এই মণ্ডপের কাজ করা হয়েছে। পূজার প্রথম দিন থেকেই অনেক মানুষ এসে গিটার ও হ্যাটটি দেখছেন। দূর-দূরান্ত থেকেও অনেকে এসে মণ্ডপটি দেখে যাচ্ছেন। এই মণ্ডপ তৈরিতে প্রায় ৫ লাখ টাকা ব্যয় হয়েছে।’03

তিনি আরও বলেন, ‘এই মণ্ডপের কাজ শেষ করতে এক মাস সময় লেগেছে। মাঝে মাঝে ঝড়-বৃষ্টি হওয়ায় সমস্যা হয়েছে। তবে সব কিছু কাটিয়ে সুন্দরভাবে তৈরি করা হয়েছে মণ্ডপটি। মূলত আইয়ুব বাচ্চুর স্মরণেই এই গিটারটি মণ্ডপে তুলে ধলা হয়েছে।

এদিকে সপ্তমীর দিন থেকেই ব্যাপক মানুষের ভিড় লক্ষ্য করা গেছে এই মণ্ডপে। বাচ্চু ভক্তরা একবারের জন্যে হলেও এই গিটার ও হ্যাটটি দেখে যাচ্ছেন। নিজেদের ফোনে সেলফিবন্দি করছেন। পরিবার পরিজন নিয়ে অনেকে গ্রুপ ফটো তুলছেন।

রাজশাহী কলেজের শিক্ষার্থী অনিমা বলেন, নগরীতে বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেছি। অন্যবারের মতো এবারও টাইগার সংঘের মণ্ডপে বৈচিত্র্যতা লক্ষ্য করা গেছে। এবার এই মণ্ডপ দেশের ব্যান্ড সংগীতশিল্পী এবিকে স্মরণ করে তৈরি হয়েছে। খুবই ভালো উদ্যোগ। তিনি রাজশাহীর মাটিতে অনেকবার এসেছিলেন। সেই সঙ্গে রাজশাহীর সংগীতপ্রেমীদের মাতিয়ে গেছেন। তাই তাকে স্মরণ করে মণ্ডপ তৈরি করায় ভালো লাগছে।

রাজশাহী নগরীর বহরামপুর এলাকার আব্দুর রউফ ভক্ত আইয়ুব বাচ্চুর। সপ্তমী দিনে বন্ধুদের নিয়ে টাইগার সংঘের মণ্ডপ দেখতে এসেছেন। তিনি বলেন, ভালো উদ্যোগ। আমরা এবিকে কখনও ভুলবো না। তিনি আমাদের মতো তরুণদের মাঝেই রয়েছেন। আজীবন থাকবেন।

শুক্রবার (৪ অক্টোবর) থেকে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা। একদিকে যেমন প্রতিমাতে নান্দনিকতা দেখা যাচ্ছে তেমনি বৈচিত্র্য দেখা যাচ্ছে মণ্ডপগুলোর সাজসজ্জাতেও। প্রতিটি মণ্ডপের সামনেই তৈরি করা হচ্ছে দৃষ্টিনন্দন তোরণ। মণ্ডপলোকে সুন্দর করে সাজাতে চলছে এক রকম প্রতিযোগিতা।02

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ বলেন, ‘এবার নগরীতে ৯৯টি এবং রাজশাহী জেলার আট উপজেলায় ৩৫০টি মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। নিরাপত্তার জন্য শুক্রবার সকাল থেকেই বিভিন্ন মণ্ডপে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা রয়েছে। এতে করে এবারও আমরা ভালোভাবেই উৎসব পালন করতে পারছি। কোনও সমস্যা হচ্ছে না।’

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, ‘এবারও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের ক্ষেত্রে জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা নেওয়া হয়েছে। গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ নিয়োজিত থাকছে। যাতে করে কেউ সমস্যা তৈরি করতে না পারে।’ সেই সঙ্গে কোনও ধরনের গুজবে কান না দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।