বুয়েটছাত্র হত্যা নিয়ে বিএনপি উসকানি দিচ্ছে: নাসিম





সিরাজগঞ্জে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মোহাম্মদ নাসিমবিএনপি বরাবরই নেতিবাচক রাজনীতির সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিষয়টিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। শিক্ষার্থীদের দাবিও বুয়েট প্রশাসন মেনে নিয়েছে। অথচ বিএনপি এ হত্যাকাণ্ড নিয়ে নানাভাবে উসকানি দিচ্ছে। তারা বুয়েটসহ দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের পরিস্থিতি অস্থিতিশীল করার পায়তারা করছে।’

শনিবার (১২ অক্টোবর) বিকালে ঢাকা থেকে সিরাজগঞ্জ আসার পথে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের সিরাজগঞ্জের মুলিবাড়িতে স্থাপিত জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর প্রতিকৃতিতে ফুল দেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক প্রধানমন্ত্রীর ভারত সফর ও চুক্তি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে নাসিম বলেন, ‘বিএনপি এই চুক্তি নিয়েও মিথ্যাচার করছে। তারা ক্ষমতায় থাকাকালে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে অনেক চুক্তি সম্পাদন করেছে। অথচ এই বিএনপি এখন ভারত-বাংলাদেশ চুক্তি নিয়ে মিথ্যাচার করছে।’
আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘ভারত বরাবরই বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। বঙ্গবন্ধু কন্যা একমাত্র রাষ্ট্রনায়ক যিনি দেশের স্বার্থ বিকিয়ে কোনও চুক্তি করতে পারেন না।’

এ সময় নাসিমের সঙ্গে জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।