উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সোনাতলা উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় গত কয়েক দিন ধরে পিইসির উত্তরপত্র দেখা হচ্ছিল। স্থানীয় উপজেলা অডিটোরিয়ামে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা সেগুলো মূল্যায়ন করছিলেন। এর একপর্যায়ে হলিদাবগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈখিনুর রহমান অজ্ঞাত কারণে উত্তরপত্র ব্যাগে করে বাড়িতে নিয়ে যান। উত্তরপত্র দেখা শেষে তিনি মঙ্গলবার সকালে সেগুলো নিয়ে উপজেলা পরিষদে পৌঁছান। এ সময় গোপনে খবর পেয়ে তার ব্যাগ থেকে উত্তরপত্রগুলো জব্দ করা হয়।
শফিকুর আলম বলেন, ‘ওই শিক্ষক অসুস্থতার কারণে উত্তরপত্র বাড়িতে নিয়ে যান বলে জানিয়েছেন। এ ব্যাপারে ভুল স্বীকার করে ক্ষমাও চেয়েছেন। তাই শাস্তি হিসেবে আগামী বছর তাকে পরীক্ষকের দায়িত্ব দেওয়া হবে না।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী আরার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি।