সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাঁচবার লোডশেডিং, এখন পরিবার নিয়ে পার্কে বসে সময় কাটাচ্ছি

বরিশাল প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৫৬আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০০:০৪

বরিশাল নগরী থেকে শুরু করে বিভিন্ন উপজেলায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন বাসিন্দারা। তীব্র গরমের মধ্যে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় স্বস্তি মিলছে না হাতপাখার বাতাসেও। একদিকে গরমের ভোগান্তি, অন্যদিকে বিদ্যুৎনির্ভর দৈনন্দিন জীবন ও ব্যবসা-বাণিজ্যে তৈরি হচ্ছে নানা সমস্যা।

নগরীর কাটপট্টি এলাকার বাসিন্দা মোহাম্মদ ফয়েজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাঁচবার লোডশেডিং হয়েছে। প্রতিবার এক থেকে দেড় ঘণ্টা থাকে না। এর মধ্যে অতিরিক্ত গরমে বাসায় থাকাও কঠিন হয়ে পড়েছে। তাই পরিবারের সদস্যদের নিয়ে সন্ধ্যায় বেলস পার্কে বসে সময় কাটাচ্ছি।’

কাউনিয়া এলাকার বাসিন্দা মিজানুর রহমান বলেন, ‘সরকারের পক্ষ থেকে মঙ্গলবার থেকে লোডশেডিং কমার কথা বলা হয়েছিল। মঙ্গলবার লোডশেডিং কিছুটা কমলেও বুধবার সকাল থেকেই ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ চলে যাচ্ছে। সরকারের কথার গুরুত্ব আমরা দিই। কিন্তু সরকারের পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হচ্ছে, তা বাস্তবায়ন না হলে আমরা কার ওপর ভরসা রাখবো?’

মিজানুর রহমান আরও বলেন, ‘সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চারবার লোডশেডিং হয়েছে। আর রাত এখনও বাকি। বারবার বিদ্যুৎ যাওয়ায় বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে। মোবাইল ফোন চার্জ দেওয়া থেকে শুরু করে ঘরের নিত্যপ্রয়োজনীয় অনেক কাজই এখন বিদ্যুতের ওপর নির্ভরশীল। এভাবে চলতে থাকলে বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধানের জন্য সরকারের কাছে দাবি জানাই।’

নগরীর কম্পিউটার প্রশিক্ষক হারুন অর রশিদ বলেন, নগরীতে তার একটি প্রশিক্ষণকেন্দ্র রয়েছে। বিদ্যুৎ সমস্যার কারণে শিক্ষার্থী ধরে রাখতে পারছেন না। এর মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ইতিমধ্যে তার দুটি কম্পিউটার নষ্ট হয়েছে। ব্যবসার অবস্থা এমনিতেই ভালো নয়। তার ওপর দুটি কম্পিউটার নষ্ট হওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন তিনি।

উজিরপুর উপজেলার বাসিন্দা মোহাম্মদ বাচ্চুর কাছে বিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের উপজেলায় বিদ্যুৎ যায় না, মাঝেমধ্যে আসে।’ এ কথা বলেই তিনি হাসি দেন।

বানারীপাড়া উপজেলার বাসিন্দা জাকির হোসেন জানান, সাধারণত বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তেমন সমস্যা না থাকলেও বুধবার কয়েকবার লোডশেডিং হয়েছে। পরে তিনি জানতে পেরেছেন, রামপাল বিদ্যুৎকেন্দ্রে কোনও সমস্যার কারণে বিদ্যুৎ সরবরাহে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে রামপাল বিদ্যুৎকেন্দ্রে ঠিক কী সমস্যা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানেন না তিনি।

একাধিক ব্যবসায়ী বলেন, এমনিতেই ব্যবসা-বাণিজ্যের অবস্থা ভালো নয়। এর মধ্যে বারবার লোডশেডিং হলে ক্রেতারাও দোকানে আসতে চান না। বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধানের দাবি জানান তারা।

বরিশাল বিদ্যুৎ গ্রিড স্টেশনের নিয়ন্ত্রণকক্ষে এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন রিসিভ করেননি।

তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বরিশাল নগরীতে বিদ্যুতের চাহিদা প্রায় ৮৫ মেগাওয়াট। এর বিপরীতে গ্রিড স্টেশনে সরবরাহ মিলছে অর্ধেকের সামান্য বেশি। ফলে চাহিদা ও সরবরাহের ঘাটতি সামাল দিতে ঘন ঘন লোডশেডিং করতে হচ্ছে।

তীব্র গরমের মধ্যে এভাবে ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় জনজীবনে ভোগান্তি আরও বাড়ছে। দ্রুত সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন নগরী ও উপজেলার বাসিন্দারা।

/এএম/ 
সম্পর্কিত
দুই মাস পর শিল্পে বাড়লো গ্যাসের চাপ, স্বস্তি ফিরছে কারখানায় 
গ্যাস সরবরাহ বাড়লেও বিদ্যুৎ পরিস্থিতির অবনতি, বেড়েছে লোডশেডিং
রামপালের এক ইউনিট বন্ধএক ঘণ্টা পর পর লোডশেডিং, রামপালে কবে আসবে ভারতীয় প্রকৌশলী টিম
সর্বশেষ খবর
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
দুই দিন ধরে থানা থেকে পুলিশ কর্মকর্তা উধাও, বাসায় গিয়েও সন্ধান মেলেনি
ডোপ টেস্টের উদ্যোগের কথা বলছে পুলিশদুই দিন ধরে থানা থেকে পুলিশ কর্মকর্তা উধাও, বাসায় গিয়েও সন্ধান মেলেনি
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত আসলে কার?
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত আসলে কার?
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার