পাবনা সদর উপজেলার রাজাপুর এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবির তরফদার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তির নাম আমিন শেখ (৪০)। তিনি উপজেলার গয়েশপুর ইউনিয়নের পয়দা গ্রামের এসকেন শেখের ছেলে।
র্যাবের দাবি, নিহত আমিন শেখ তালিকাভুক্ত সন্ত্রাসী ও ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে সদর থানায় ৩টি হত্যা, ৩টি অস্ত্র আইন ও ডাকাতিসহ ১১টি মামলা রয়েছে।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবির তরফদার জানান, একদল ডাকাত সদর উপজেলার রাজাপুর এলাকায় ডাকাতির প্রস্ততি নিচ্ছে। এই সংবাদের ভিত্তিতে র্যাব সেখানে অভিযানে চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি ছোঁড়ে পালানোর চেষ্টা করে। এসময় র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। এক পর্যায়ে ডাকাত দল পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানায়, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৩টি তাজা গুলি, একটি রাম দা, একটি চাপাতি ও ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।