শত বছর ধরে আলো ছড়াচ্ছে নওগাঁর সবিতা চক্রবর্তী গ্রন্থাগার

 

naogaon-picture-26-11-2018-1543223654759নওগাঁ জেলাধীন বদলগাছি উপজেলার বালুভরা আর বি উচ্চ বিদ্যালয়ের সমৃদ্ধ সবিতা চক্রবর্তী গ্রন্থাগারটি ১০৪ বছর ধরে জ্ঞানের আলো ছড়িয়ে আসছে। গ্রন্থাগারটি একদিকে বিদ্যালয়ের খ্যাতি যেমন বৃদ্ধি করেছে অন্যদিকে শিক্ষার্থীদের জ্ঞান আহরণের সুযোগ প্রসারিত করেছে। প্রাচীন এই বিদ্যালয়টি এলাকার শিক্ষা বিস্তারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

এই গ্রন্থাগারের সহকারী গ্রন্থাগারিক মাসুদা আক্তার বলেন, ‘এই বিদ্যালয়ের একজন সাবেক ছাত্র সৌরেন্দ্রনাথ চক্রবর্তী। বর্তমানে তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব পদে নিয়োজিত। তারই প্রচেষ্টায় এবং সক্রিয় উদ্যোগে বালুভরা আর বি উচ্চ বিদ্যালয়ে গড়ে তোলা হয়েছে সবিতা চক্রবর্তী স্মৃতি গ্রন্থাগার।’

মাসুদা আক্তার আরও বলেন, ‘এই গ্রন্থাগারে মোট ৩ হাজার ৭২৬টি বই রয়েছে। বইয়ের তালিকায় রয়েছে স্থানীয়, জাতীয় এবং বিশ্বখ্যাতিসম্পন্ন ব্যক্তিত্বের জীবনী, শিল্পী সাহিত্যিক, বিজ্ঞানী, দার্শনিক, ক্রীড়াবিদ, রাজনীতিবিদ, চলচ্চিত্রকার, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীসহ মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন লেখা এই গ্রন্থাগারটিকে অত্যন্ত সমৃদ্ধ করেছে। এছাড়া এই গ্রন্থাগারের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে জাতীয় এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিদের ছবি সেখানে টানিয়ে রাখা হয়েছে।’

NaogaonB-20190416044120এই বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র প্রীতম কুমার চক্রবর্তী বলেন ,আমি নিয়মিত লাইব্রেরিতে এসে বই পড়ি।

৬ষ্ঠ শ্রেণির ছাত্রী যুথি আক্তার বলেন, এখানে আমাদের মুক্তিযুদ্ধের ওপর অনেক বই রয়েছে। আমি মুক্তিযুদ্ধভিত্তিক বই পড়ি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোত্তালেব হোসেন বলেন, ‘বালুভরা আর বি উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র সৌরেন্দ্রনাথ চক্রবর্তী বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অত্যন্ত আন্তরিক। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, মানসম্মত শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের জ্ঞানার্জন থেকে শুরু করে সবদিকে তার গঠনমূলক ভূমিকা অতুলনীয়। তারই নজরদারি এবং উদ্যোগে এই বিদ্যালয়টি একটি আদর্শ বিদ্যালয়ে পরিণত হয়েছে। এরকম একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিজেকে গর্বিত বোধ করছি।’

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সুকমল কর্মকার বলেন, ‘এই বিদ্যালয়ের লাইব্রেরি অত্যন্ত সমৃদ্ধ। একটি লাইব্রেরি এলাকার শিক্ষার্থীদের জ্ঞানার্জনে যথেষ্ট সহায়ক। কেবল পুঁথিগত বিদ্যা মানুষকে জ্ঞানী করে না। জ্ঞান অর্জনে বই পড়ার কোনও বিকল্প নেই।’
বিদ্যালয়ের সাবেক ছাত্র সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যন ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, ‘আমার পূর্বপুরুষ থেকেই এলাকার মানুষের কল্যাণমুখী কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। আমার দাদা বালুভরা আর বি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। তিনি তারও আগে বর্তমান জয়পুরহাট জেলার আক্কেলপুরে অনুরূপ আরেকটি স্কুল প্রতিষ্ঠা করেছেন। যেখানে আমার কিছু করার সুযোগ বা সাধ্য রয়েছে সেখানে কিছু করতে পারা গর্বের ব্যাপার। এলাকার মানুষের জন্য কিছু করতে পারা গৌরবের মনে করি। সেই চেতনাবোধ থেকেই আমি আমার গ্রাম, এলাকা এবং আমার স্কুলের জন্য এসব উদ্যোগ গ্রহণ করেছি। ’