ছিনতাই হওয়া লবণবোঝাই ট্রাক উদ্ধার, গ্রেফতার ২

গ্রেফতার-২-জনকক্সবাজার থেকে ছিনতাই হওয়া লবণবোঝাই ট্রাক চারদিন পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বগুড়ার ধুনট উপজেলার বেড়েরবাড়ি সেতু এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। আন্তজেলা ছিনতাইকারীচক্রের সদস্য ট্রাকচালক ও হেলপারকে গ্রেফতারও করা হয়েছে।

ধুনট থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ‘শুক্রবার রাতে ধুনট থানায় মামলা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়।’

গ্রেফতার দুজন হলো বগুড়ার শেরপুর উপজেলার দড়িমকন্দ গ্রামের হাবিবর রহমানের ছেলে ট্রাকচালক রঞ্জু মিয়া (৪৫) ও শাহজাহানপুর উপজেলার নয়মাইল গ্রামের জয়নাল আবেদীনের ছেলে হেলপার আব্দুল বারিক (২৬)।

মামলা সূত্রে জানা গেছে, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাগাইচটি গ্রামের মজিবর রহমানের ছেলে বুলবুল মিয়া পাইকারি লবণ ব্যবসায়ী। ২৬ জানুয়ারি তিনি কক্সবাজারের নাপিতখালী ইসলামপুর শিল্প এলাকার আল সৌদিয়া সল্ট ক্রাশিং ইন্ডাস্ট্রিজ থেকে এক লাখ ১০ হাজার টাকায় ২০৭ বস্তা লবণ কেনেন। একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট-২২-১৯৬০) লবণ বোঝাই করে রাত ৯টার দিকে বাড়ির দিকে রওনা হন। ট্রাকটি চট্টগ্রামের ভাটিয়ারী দরগাহাট এলাকায় পৌঁছালে চালক রঞ্জু ও হেলপার বারিক কৌশলে লবণের মালিক বুলবুল মিয়াকে ট্রাক থেকে নামিয়ে দিয়ে পালিয়ে যায়। এরপর তারা ট্রাকের নম্বর প্লেট (ঢাকা মেট্রো-ট-২২-৩১৮১) পরিবর্তন করেন। ট্রাকচালক ও হেলপারের ছদ্মবেশে থাকা ছিনতাইকারীরা তাদের সহযোগী বগুড়ার ধুনটের নিমগাছি গ্রামের মামুন মিয়া তপনের বাড়ির দিকে রওনা হন। ৩০ জানুয়ারি রাতে ধুনট উপজেলার বেড়েরবাড়ি গ্রামে বাঙালি সেতুর কাছে ট্রাকটি থামিয়ে তপনের জন্য অপেক্ষা করছিলেন। তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা ধুনট থানায় খবর দেন। খবর পেয়ে ধুনট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লবণবোঝাই ট্রাকসহ চালক রঞ্জু ও হেলপার বারিককে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তারা কক্সবাজার থেকে লবণ ছিনতাইয়ের কথা স্বীকার করে। ৩১ জানুয়ারি শুক্রবার রাতে লবণের মালিক ব্যবসায়ী বুলবুল ইসলাম ধুনট থানায় ট্রাকের চালক ও হেলপারসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেন।

ধুনট থানার ওসি ইসমাইল হোসেন জানান, ট্রাকচালক রঞ্জু ও হেলপার বারিক আন্তজেলা ছিনতাইকারী চক্রের সদস্য। অন্য তিন আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।