বুধবার (১৫ এপ্রিল) সালাম চেয়ারম্যানের অভিযোগ তদন্তে প্রমানিত হওয়ায় স্থানীয় সরকার, পল্লাী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনের বরাত দিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।
কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(৪) ধারায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে এই ঘটনার পরও থামেনি চাল চুরি।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বিশ্বাস জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খাদ্য নিয়ন্ত্রণ অফিসারের নেতৃত্বে অভিযান চালানো হয় জোতপাড়া বাজারে। এই সময় চাল ব্যবসায়ী আবু বক্করের দোকান থেকে ১৪৩০ কেজি এবং খাস কাউলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলামের বাড়ি থেকে ৫২০ কেজিসহ মোট ১৯৫০ কেজি চাল জব্দ করা হয়। চাল ব্যবসায়ী আবু বকরকে আটক করা হলেও ইউপি সদস্য রফিকুল পালিয়ে যায়। চাল উদ্ধারের ঘটনায় উপজেলা খাদ্য পরিদর্শক ওয়াহিদুল আলম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে চৌহালী থানায় মামলা করেছেন।