করোনা সন্দেহে ছুঁয়ে দেখলেন না কেউ, এগিয়ে এলেন দমকল কর্মীরা

রাস্তার পাশে পড়ে থাকা যুবককে উদ্ধার করছেন দমকল বাহিনীর সদস্যরাসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাতী খামারবাড়ি এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে অচেতন হয়ে পড়েছিলেন এক যুবক। করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে পড়ে থাকা ওই যুবককে এলাকাবাসীর কেউ ছুঁয়েও দেখেননি। তবে খবর পেয়ে শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে দমকল বাহিনীর সদস্যরা ছুটে যান। কোনও ধরনের পিপিই ছাড়াই উদ্ধার করে ওই যুবককে হাসপাতালে নিয়ে যান তারা।

বিকালের দিকে ওই যুবক কিছুটা সুস্থ হয়ে উঠেছেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে জ্ঞন হারিয়ে ফেলেন তিনি।

জানা যায়, ওই যুবকের নাম মিশো (৩০)। বগুড়ার গাবতলীর বথিয়াভাঙ্গা গ্রামের বেল্লাল হোসেনের ছেলে তিনি। লকডাউন পরিস্থিতিতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে মহাসড়কের পাশে অচেতন অবস্থায় পড়েছিলেন তিনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিরুল ইসলাম তৌহিদ বলেন, 'হয়তো মলমপার্টির খপ্পড়ে পড়ে সব কিছু হারিয়ে রাস্তার পাশে পড়েছিলেন তিনি। অচেতন থাকলেও স্যালাইনসহ তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাকে বগুড়ার শজিমেক বা মোহাম্মদ হাসপাতালে রেফার করা হতে পারে।'

রায়গঞ্জ দমকল বাহিনীর টিম লিডার হামিদুল ইসলাম বলেন, 'খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।’

রায়গঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম বলেন, 'হয়তো মলম পার্টির খপ্পড়ে পড়ে তার এ হাল হয়েছে। দমকল বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে আনেন বলে শুনেছি।'