সোমবার (২০ এপ্রিল) রাতে জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আজ রাজশাহীর পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত রিপোর্টে একজনের করোনা পজেটিভ পাওয়া গেছে।’
সিভিল সাজর্ন ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দক্ষিণ চরমোহনপুর এলাকার ওই ব্যক্তি করোনার কোনও উপসর্গ ছাড়াই গত ১৫ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে নিজ বাড়ি চাঁপাইনবাবগঞ্জে ফেরেন। নারায়ণগঞ্জ ফেরত হওয়ায় ওইদিনই করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে তাকে হোম কোয়ারেন্টিনে বিশেষ নজরদারির মধ্যে রাখা হয়।’
সিভিল সার্জন জানান, হোম কোয়ারেন্টিন নিশ্চিত করার জন্য ওই ব্যক্তির বাড়িতে নিয়মিত পুলিশের তদারকিও ছিল। তবে পজেটিভ হওয়ার পরও বর্তমানে তার শরীরে কোনও উপসর্গ নেই। নতুন করে কোনও উপসর্গ দেখা দিলে তাকে আইসোলেশনে নেওয়া হবে। বর্তমানে ওই রোগীকে চিকিৎসাসহ বাড়িতেই তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এছাড়া তার পরিবারের অন্য সদস্যদেরও কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়েছে।
এদিকে স্থানীয় প্রশাসন ১০টি বাড়ি লকডাউন করার পর চরমোহনপুর এলাকায় বাইরের মানুষের চলাচলে নিষেধাজ্ঞা জারি করে মাইকিং করেছে পুলিশ।