উপজেলা প্রশাসন ও ব্যাংক সূত্র জানায়, মহাস্থান শাখার (এসএমই/কৃষি) ২-৩ জন কর্মকর্তার করোনা উপসর্গ দেখা দেয়। এরপরও তারা অফিস করছিলেন। গ্রাহকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই শাখার ৩০ কর্মকর্তা-কর্মচারীর নমুনা পরীক্ষা করানো হয়। সেখানে ১৫ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সোমবার (২২ জুন) বিকালে শাখার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। সেখানে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে।
নোটিশ ঝোলানোর সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌলি মণ্ডল ও রায়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি প্রমুখ উপস্থিত ছিলেন।
শাখা ব্যবস্থাপক আবদুল মাজেদ জানান, ১৫ কর্মকর্তা করোনা আক্রান্ত হওয়ায় উপজেলা প্রশাসন সোমবার থেকে শাখাটির কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে লেনদেন বন্ধ রয়েছে। তিনি গ্রাহকদের অন্য শাখায় লেনদেন করতে অনুরোধ করেছেন।
ইউএনও আলমগীর কবির জানান, মহাস্থান শাখার ২-৩ জন কর্মকর্তার করোনা উপসর্গ দেখা দিলে শাখার ৩০ কর্মকর্তা-কর্মচারীকে নমুনা পরীক্ষা করতে বলা হয়। ফলাফলে ১৫ কর্মকর্তার করোনাভাইরাস ধরা পড়ে। এর পরিপ্রেক্ষিতে সোমবার বিকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে। আক্রান্তরা সুস্থ হলে শাখার কার্যক্রম চালুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।