করোনায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালকের মৃত্যু

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবুল কাশেম আযাদকরোনায় আক্রান্ত হয়ে বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবুল কাশেম আযাদের (৫৮) মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৫ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয়।

অতিরিক্ত উপ-পরিচালক সোহেল মো. শামসুদ্দীন ফিরোজ ও অন্যরা বিষয়টি নিশ্চিত করে জানান, উপ-পরিচালক আযাদ সিরাজগঞ্জের তাঁড়াশ উপজেলার বাসিন্দা। তিনি গত বছরের ১৪ নভেম্বর উপ-পরিচালক হিসেবে বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদফতরে যোগদান করেন। তার পরিবার ময়মনসিংহ সদরের কেওয়াটখালী এলাকায় বসবাস করেন।

সোহেল মো. শামসুদ্দীন ফিরোজ বলেন, উপ-পরিচালক আযাদের মৃত্যুতে বগুড়া কৃষি বিভাগে শোকের ছাঁয়া নেমে এসেছে। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

জানাগেছে, সম্প্রতি তিনি ময়মনসিংহে পরিবারের কাছে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর বগুড়ায় কর্মরত অবস্থায় গত ১৫ থেকে ১৬ দিন আগে তার শরীরে করোনা উপসর্গ দেখা দেয়। টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা দিলে তিনি করোনা পজিটিভ হন। তার সরকারি গাড়ির চালক আবদুল আহাদও করোনায় আক্রান্ত। চালক বগুড়ার গাবতলীর বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ জুন তাকে অ্যাম্বুলেন্সে ময়মনসিংহের বাড়িতে পাঠানো হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তার মৃত্যু হয়।