বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে সাত জনের মৃত্যু

করোনাভাইরাস (গ্রাফিক্স: রাকিব নয়ন)বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চারজন এবং উপসর্গে তিনজন মারা গেছেন। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা থেকে শনিবার (২৫ জুলাই) বিকাল পর্যন্ত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল, মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন, টিএমএসএস মেডিক্যাল কলেজ (টিএমসি) ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে তাদের মৃত্যু হয়। স্বেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্যরা স্বাস্থ্যবিধি মেনে মৃতদেহ প্রস্তুত ও জানাজা শেষে দাফন এবং হস্তান্তর করেছেন।

হাসপাতাল ও কোয়ান্টাম ফাউন্ডেশন সূত্র জানা যায়, করোনা আক্রান্ত হয়ে

মৃতরা হলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পশ্চিম আলোহালি গ্রামের আলহাজ¦ আফতাব আলী সরদার (৭০), নাটোরের সিংড়া উপজেলার কলমবাজারের পল্লী চিকিৎসক আলহাজ¦ মোহাম্মদ আলীর (৭৫), বগুড়ার শাজাহানপুরের মানিকদীপা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুস সামাদের (৭৫) এবং শাজাহানপুরের মাদ্রাসাপাড়ার মনসুর আলীর (৬৫)।

এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন বগুড়া শহরের সুত্রাপুর এলাকার অবসরপ্রাপ্ত গার্মেন্টকর্মী আমিনুর রহমান (৭০), বগুড়া শহরের রহমাননগরের বাসিন্দা এবি ব্যাংক লিমিটেডের গাড়ির চালক ইয়াসিন আলী (৫৮) এবং পাবনার সুজানগর উপজেলার আমিরপুর সাগরকান্দির নুরুল ইসলাম (৭৭)। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।

এদিকে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. ফারজানুল ইসলাম নির্ঝর শনিবার দুপুরে জানান, গত ২৪ ঘণ্টায় সাত নারী ও তিন শিশুসহ ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ১ এপ্রিলের পর মোট চার হাজার ৪৪৬ জন করোনা আক্রান্ত হলেন। সুস্থ হয়েছেন দুই হাজার ৮৪৫ জন এবং মারা গেছেন ৯৫ জন।